রাজধানীর ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন, সাবেক সচিব মো. মিজানুর রহমান এবং অভিনেতা মো. আরিফ মাহমুদ তমালের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার বিকেলে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক সাবেক সংসদ সদস্যকে সাত দিন এবং অপর দুই আসামিকে চার দিন করে রিমান্ডে পাঠানোর এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত বৃহস্পতিবার রাতে রাজধানীর তিনটি ভিন্ন এলাকা থেকে এই তিনজনকে গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার তাঁদের আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মো. সেলিম রেজা। ডিবি পুলিশের রিমান্ড আবেদনে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিরা রাষ্ট্রবিরোধী কার্যক্রমে সক্রিয়ভাবে জড়িত ছিলেন এবং পলাতক আসামিদের সঙ্গে যোগাযোগ রেখে মাঠপর্যায়ের দুষ্কৃতকারীদের কাছে অর্থ ও অস্ত্র সরবরাহ করতেন।
শুনানিকালে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ডের বিরোধিতা করে জামিন আবেদন করেন এবং বলেন যে আসামিদের রাজনৈতিকভাবে হয়রানি করতেই এই মামলা দেওয়া হয়েছে। অভিনেতা তমালের আইনজীবী জানান তাঁর মক্কেল হৃদ্রোগে আক্রান্ত। অন্যদিকে রাষ্ট্রপক্ষ আসামিদের সর্বোচ্চ রিমান্ডের প্রার্থনা করে জানায় যে তাঁরা আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত থেকে বুদ্ধিবৃত্তিকভাবে দলটিকে প্রাসঙ্গিক করার চেষ্টা করেছেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত এই রিমান্ডের আদেশ দেন।
উল্লেখ্য, গত ২২ মে ধানমন্ডির রাপা প্লাজার সামনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের দুইশ থেকে দুইশ চৌদ্দজন নেতাকর্মী সরকারবিরোধী মিছিলের প্রস্তুতির সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন। সে সময় পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় কয়েকজনকে আটক করা হয়। এ ঘটনায় পরদিন ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করা হয়েছিল।