সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সাম্প্রতিক নাশকতা সরাসরি পর্যবেক্ষণ করতে শুক্রবার সকালে গোপালগঞ্জে পৌঁছান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। এই সফরে তার সঙ্গে আরও রয়েছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) কামরুম মুনিরা এবং স্থানীয় সূত্রে এই তিন শীর্ষ কর্মকর্তার গোপালগঞ্জ সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সড়কপথে গোপালগঞ্জে গিয়ে তারা জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাম্প্রতিক বিভিন্ন সহিংসতা ও নাশকতার পটভূমিতে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত ১৫ নভেম্বর গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দিনভর তাণ্ডব চালানোর অভিযোগ রয়েছে।
ওইদিন হামলাকারীরা দুটি থানায় হামলাসহ সংসদ সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের বাড়ি ও দোকানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি আইজিপি জেলা পুলিশ আয়োজিত একটি বিশেষ কল্যাণ সভাতেও অংশ নেবেন।