মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে সচিব পদমর্যাদায় সাংবাদিক গোলাম মোর্তোজাকে আরও এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আগের চুক্তির ধারাবাহিকতায় এই মেয়াদ বাড়ানো হয়েছে।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, আগামী ২১ নভেম্বর থেকে ২০২৭ সালের ২০ নভেম্বর পর্যন্ত এই এক বছরের মেয়াদ কার্যকর থাকবে। এর আগে ২০২৪ সালের নভেম্বরে তাঁকে দুই বছরের জন্য একই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল।
নতুন এই নিয়োগের ক্ষেত্রে কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে সব ধরনের কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।