বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী ভাষণে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ মন্তব্য করেছেন যে, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করতে একটি দেশবিরোধী অপশক্তি দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে।
জনগণের নির্বাচিত প্রতিনিধিদের উদ্দেশ্যে স্পিকার বলেন, দল ও মতের ব্যবধান ভুলে সকলকে একতাবদ্ধ হয়ে এই অশুভ শক্তিকে রুখে দিতে হবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা বিধান করতে হবে।
অধিবেশন সফলভাবে শেষ হওয়ায় মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে স্পিকার সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা, মন্ত্রিসভার সদস্য, হুইপ, ডেপুটি স্পিকার ও সভাপতিমণ্ডলীর সদস্যদের ধন্যবাদ জানান।
এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সংসদ সচিবালয়, বিভিন্ন মন্ত্রণালয়, সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনসহ সব গণমাধ্যমের কর্মী ও কর্মকর্তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
সবশেষে দেশ ও জাতির কল্যাণ ও শান্তি কামনা করে স্পিকার সংবিধানের বাহাত্তর(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত সমাপনী আদেশ পড়ে শোনান এবং ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন সমাপ্ত ঘোষণা করেন।