জোহানেসবার্গ টেস্টের দ্বিতীয় দিনে মাঠে নেমেই শতক পূর্ণ করেছেন টাইগার ব্যাটার লিটন দাস। আগের দিন ৯২ রান নিয়ে খেলা শেষ করা এই ক্রিকেটার আজ দিনের চতুর্থ ওভারে তিন অংকের ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলেন। এটি তার টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি।
শতক পূরণের পর মাঠে ব্যতিক্রমী এক উদযাপনে মেতে ওঠেন লিটন। ব্যাট ও হেলমেটের সঙ্গে পকেট থেকে একটি চিরকুট বের করেন তিনি। যেটিতে লেখা ছিল, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা, এই সেঞ্চুরিটা তোমার জন্য…।’ মূলত তার মেয়ে আনায়রার তৃতীয় জন্মদিন উপলক্ষে এই সেঞ্চুরি তাকেই উৎসর্গ করেন লিটন।
এদিকে লিটনের শতক পাওয়ার ঠিক পরেই আউট হয়ে সাজঘরে ফেরেন মেহেদী হাসান মিরাজ, তিনি সংগ্রহ করেন ১০ রান। প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের স্কোর বোর্ডে ৭ উইকেট হারিয়ে সংগ্রহ হয়েছে ৩৫৯ রান।
এর আগে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দল। প্রথম দিনের খেলা শেষে দলের সংগ্রহ ছিল ৬ উইকেটে ৩২৭ রান, যেখানে তাওহীদ হৃদয় খেলেন ১৩৭ রানের চমৎকার এক ইনিংস।