আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান পদে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন জয় শাহ। ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় পরিচালকদের প্রস্তাবের ভিত্তিতে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তাঁকে এই পদে পুনর্নিযুক্ত করা হয়। আগামী ২০৩০ সালের শেষ পর্যন্ত তিনি বিশ্ব ক্রিকেটের এই শীর্ষ সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। এর আগে ২০২৪ সালের আগস্টে তিনি প্রথমবার আইসিসির চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
৩৮ বছর বয়সী জয় শাহ দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পাওয়ার পর আইসিসি বোর্ডের আস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এক প্রতিক্রিয়ায় তিনি জানান, বিশ্বজুড়ে ক্রিকেটের স্বার্থ রক্ষায় এবং খেলাটির সার্বিক উন্নয়নে সকল সদস্য দেশের সঙ্গে একত্রে কাজ করার বিষয়ে তিনি প্রতিজ্ঞাবদ্ধ। আইসিসি বোর্ড মনে করছে, ক্রিকেটের বৈশ্বিক বিস্তার, বাণিজ্যিক সম্ভাবনা এবং দর্শকপ্রিয়তা বাড়াতে তাঁর এই ধারাবাহিক নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখাবে।
আসন্ন বছরগুলোতে বিশ্ব ক্রিকেটের সামনে বড় কিছু লক্ষ্য রয়েছে বলে জানিয়েছে আইসিসি। দীর্ঘ একশো আঠাশ বছর পর ২০২৮ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট ফিরছে। এই প্রত্যাবর্তনকে নতুন প্রজন্মের কাছে খেলাটি জনপ্রিয় করার বড় সুযোগ হিসেবে দেখছেন জয় শাহ। এছাড়া নারী ক্রিকেটের অগ্রগতি, সহযোগী দেশগুলোর সুযোগ বৃদ্ধি এবং ক্রিকেটের বাণিজ্যিক ভিত্তি মজবুত করা সংস্থার ভবিষ্যৎ পরিকল্পনার অন্তর্ভুক্ত রয়েছে।