ছবি: সংগৃহীত

মাত্র পনেরো বছর বয়সেই টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বকনিষ্ঠ অধিনায়ক হলেন বৈভব সূর্যবংশী

ভারতের উদীয়মান ক্রিকেটার বৈভব সূর্যবংশী মাত্র ১৫ বছর ২৩২ দিন বয়সে স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বকনিষ্ঠ অধিনায়ক হওয়ার বিশ্বরেকর্ড গড়েছেন। শনিবার ইন্দোরে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে সৌরাষ্ট্রের বিপক্ষে বিহার দলের হয়ে টস করতে নেমে তিনি এই অনন্য কীর্তি স্থাপন করেন।

এর আগে পুরুষদের টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বয়সে নেতৃত্ব দেওয়ার রেকর্ডটি ছিল ক্রোয়েশিয়ার জ্যাক ভুকুসিচের দখলে, যিনি ১৭ বছর ৩১১ দিন বয়সে দল পরিচালনা করেছিলেন। তাকে পেছনে ফেলে ক্রিকেট বিশ্বে নতুন ইতিহাস গড়লেন ভারতীয় এই তরুণ প্রতিভা।

তবে নেতৃত্বের অভিষেক ম্যাচটি ব্যাট হাতে রাঙাতে পারেননি সূর্যবংশী। সৌরাষ্ট্রের বোলার চেতন সাকারিয়ার বলে ফিরতি ক্যাচ দেওয়ার আগে ১২ বলে ১৮ রান সংগ্রহ করেন তিনি, যার মধ্যে ছিল দুটি চার ও একটি ছক্কা। তার ব্যর্থতার দিনে পুরো দলও বড় স্কোর গড়তে ব্যর্থ হয়।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৭ রান সংগ্রহ করে বিহার দল। জবাবে প্রতিপক্ষ সৌরাষ্ট্র ২১ বল হাতে রেখেই ৫ উইকেটের সহজ জয় তুলে নেয়, যার ফলে টুর্নামেন্টে পরাজয় দিয়ে অভিযান শুরু হলো বিহারের। টুর্নামেন্টে আর একটি ম্যাচ খেলেই ভারত ‘এ’ দলের ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে সূর্যবংশীর।

Comments are closed.

     More News Of This Category