গল্পের জাদুকর হুমায়ূন আহমেদের জন্মদিন আজ

বাংলা সাহিত্যের আকাশে তিনি এক উজ্জ্বল নক্ষত্র। তার গল্পে ছিল জীবনের হাসি-কান্না, প্রেম, বিরহ আর মধ্যবিত্ত মানুষের চেনা অনুভূতি। সহজ ভাষায় অসাধারণ সব গল্প বলার জাদুতে যিনি জয় করেছিলেন কোটি পাঠকের হৃদয়, তিনি হুমায়ূন আহমেদ। আজ বাংলা সাহিত্যের জনপ্রিয় এই কথাসাহিত্যিক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা ও নির্মল হাস্যরসের অনন্য জাদুকর হুমায়ূন আহমেদের জন্মদিন।

১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার মোহনগঞ্জের কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন হুমায়ূন আহমেদ। বাবা ফয়জুর রহমান আহমেদ এবং মা আয়েশা ফয়েজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে পড়াশোনা শেষে শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করেন তিনি। পরবর্তী সময়ে লেখালেখিই হয়ে ওঠে তার প্রধান পরিচয়।

১৯৭২ সালে প্রকাশিত প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’ দিয়েই বাংলা সাহিত্যে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেন তিনি। এরপর ‘শঙ্খনীল কারাগার’, ‘জোছনা ও জননীর গল্প’, ‘কোথাও কেউ নেই’, ‘মধ্যাহ্ন’সহ অসংখ্য জনপ্রিয় উপন্যাস উপহার দেন পাঠকদের। তার সৃষ্ট হিমু, মিসির আলী ও শুভ্র চরিত্রগুলো আজও পাঠকের কল্পনার জগতে জীবন্ত।

টেলিভিশন নাটকেও হুমায়ূন আহমেদ সৃষ্টি করেছিলেন এক অনন্য জগৎ। ‘এইসব দিনরাত্রি’, ‘বহুব্রীহি’, ‘অয়োময়’, ‘কোথাও কেউ নেই’, ‘নক্ষত্রের রাত’ ও ‘আজ রবিবার’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকের মধ্য দিয়ে তিনি দর্শকের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেন। বিশেষ করে ‘কোথাও কেউ নেই’ নাটকের বাকের ভাই চরিত্রটি আজও দর্শকের স্মৃতিতে অমলিন।

চলচ্চিত্র নির্মাতা হিসেবেও তার অবদান স্মরণীয়। ‘আগুনের পরশমণি’, ‘শ্রাবণ মেঘের দিন’, ‘দুই দুয়ারী’, ‘চন্দ্রকথা’, ‘শ্যামল ছায়া’, ‘নয় নম্বর বিপদ সংকেত’, ‘আমার আছে জল’ ও ‘ঘেটুপুত্র কমলা’ তার পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্র। প্রতিটি চলচ্চিত্রেই গল্প বলার নিজস্ব ঢং ও জীবনঘনিষ্ঠ নির্মাণশৈলীর পরিচয় দিয়েছেন তিনি।

দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে ২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শেষনিশ্বাস ত্যাগ করেন এই কথাসাহিত্যিক। গাজীপুরের নুহাশপল্লীতে তাকে সমাহিত করা হয়।

আজ তার জন্মদিনে পাঠক-ভক্তরা ফিরে দেখবেন তার অসামান্য সৃষ্টিগুলো। সময়ের পরিক্রমায় তিনি শারীরিকভাবে অনুপস্থিত হলেও তার গল্প, চরিত্র ও সংলাপ এখনও সমান জনপ্রিয়।

Comments are closed.

     More News Of This Category