চিত্রনায়িকা পরীমনি মধ্যরাতে ফেসবুক লাইভে এসে তাঁর গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ করেছেন। এ ঘটনাকে পরিকল্পিত বলে মনে করছেন তিনি।
রোববার দিবাগত রাত পৌনে একটার দিকে ফেসবুক লাইভে আসেন পরীমনি। সেখানে তিনি জানান, রাজধানীর গুলশান শুটিং ক্লাবে একটি অনুষ্ঠান শেষে হঠাৎ একজন উচ্চস্বরে কথা বলতে শুরু করেন। ওই ব্যক্তি ‘অ্যাটাকিং মুডে’ ছিলেন বলে অভিযোগ করেন তিনি। তাঁর গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে। এ কারণে গাড়িতে উঠতে পারছেন না জানিয়ে অনুষ্ঠানস্থলের ‘ব্যাকস্টেজে’ বসে থাকার কথা জানান পরীমনি।
লাইভে পরীমনি বলেন, তিনি গুলশান থানায় ফোন করতে বাধ্য হয়েছেন। ঘটনাস্থলে গুলশান থানার পুলিশ সদস্যরা রয়েছেন।
এ সময় নিজের নিরাপত্তাহীনতার কথাও তুলে ধরেন এই অভিনেত্রী। অনুষ্ঠানের স্টল ভাঙচুর এবং অন্য শিল্পীদের হেনস্তা করার অভিযোগ করেন তিনি।
ঘটনার জন্য ‘ইয়োলো জার্নালিজম’ করা ব্যক্তি এবং ‘জার্নালিজম’-এর নাম ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের দায়ী করেন পরীমনি। কারও সঙ্গে তাঁর কোনো বিরোধ থাকলে সরাসরি বসে বিষয়টি মীমাংসার আহ্বান জানান তিনি।
পরে আরও কয়েকবার ফেসবুক লাইভে আসেন পরীমনি। এর একটি ভিডিওতে তাঁকে সাদা রঙের গাড়িতে উঠতে দেখা যায়। এ সময় সন্তানকে দ্রুত গাড়িতে নিয়ে আসতে বলেন তিনি। একপর্যায়ে গাড়িটি ঘটনাস্থল ছেড়ে চলে যায়। লাইভের ভিডিওতে ঘটনাস্থলে পুলিশের উপস্থিতিও দেখা গেছে।
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা একটি মামলায় গত বৃহস্পতিবার ঢাকার আদালতে আত্মসমর্পণ করে জামিন পান পরীমনি। ওই দিন গাড়ি থেকে নেমে আদালতের এজলাসের দিকে যাওয়ার সময় তাঁর ছবি ও ভিডিও ধারণ করতে গেলে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সাংবাদিকদের ধাক্কাধাক্কি হয়। এ সময় সমকালের মাল্টিমিডিয়া প্রতিবেদক রবিউল হোসাইনের মুঠোফোন কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে পরীমনির বিরুদ্ধে। পরে পরীমনি অভিযোগ করেন, ওই প্রতিবেদক তাঁকে স্পর্শ করেছেন।
তবে পরীমনির অভিযোগ অস্বীকার করেন সাংবাদিক রবিউল। তাঁর দাবি, পরীমনি তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন এবং মেরে ফেলার হুমকি দিয়েছেন। পুরো ঘটনা ভিডিওতে ধারণ করা হয়েছে বলেও জানান তিনি।
৫ নভেম্বরের ওই ঘটনার জন্য লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে পরীমনিকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। নোটিশে সাত দিনের মধ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার পরীমনিসহ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর নোটিশটি পাঠিয়েছেন। তিনি জানান, রেজিস্ট্রি ডাকযোগে রোববার সকালে তিনজনের ঠিকানায় নোটিশ পাঠানো হয়েছে।