ছবি: সংগৃহীত

আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ দল

শনিবার দোহায় এশিয়া কাপ রাইজিং স্টার্সের 'এ' গ্রুপের রোমাঞ্চকর ম্যাচে আফগানিস্তান 'এ' দলকে ১ উইকেটে হারিয়ে টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ 'এ' দল। আফগানিস্তানের দেওয়া ১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ উইকেটে নাটকীয় জয় তুলে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা। টানা দুই জয়ে এক ম্যাচ হাতে রেখেই এই সাফল্য পেল বাংলাদেশ।

প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তান ৪৫ ওভারে ১৭৪ রানে গুটিয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেন অধিনায়ক ইকরাম আলীখিল। বাংলাদেশের বোলারদের মধ্যে রিপন মন্ডল তিনটি এবং ইকবাল, মোহাম্মদ রুবেল ও সাইফ দুটি করে উইকেট লাভ করেন।

জবাবে ব্যাট করতে নেমে শূন্য রানে অধিনায়ক সাইফ হাসানকে হারালেও পারভেজ হোসেন ইমন (৩৩), শাহাদাত হোসেন দিপু (২৪) ও ইয়াসির আলী রাব্বির (২০) ব্যাটে প্রাথমিক ধাক্কা সামলায় বাংলাদেশ। পরবর্তীতে সাব্বির রহমান (২৮) ও মোহাম্মদ সাইফউদ্দিনের (২৮) ৫১ রানের জুটি কিছুটা স্বস্তি আনলেও নিয়মিত বিরতিতে উইকেট পতনে ১৬২ রানে ৯ উইকেট হারিয়ে হারের শঙ্কা তৈরি হয়।

এমন চরম বিপাকে ১১ নম্বরে ক্রিজে নেমে জয়ের জন্য বাকি থাকা ১৩ রান তোলার দায়িত্ব নিজের কাঁধে নেন ইকবাল হোসেন ইমন। শেষ পর্যন্ত ৭ বলে ১১ রান করে অপরাজিত থেকে পরপর চার ও ছক্কা হাঁকিয়ে দলকে জয় এনে দেন এই পেসার। এই জয়ে শ্রীলঙ্কার পাশাপাশি বাংলাদেশও টানা দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে পৌঁছেছে। আগামী সোমবার গ্রুপসেরা হওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে দল দুটি।

Comments are closed.

     More News Of This Category