ক্রিকেটের ঐতিহাসিক ভেন্যু লর্ডসে প্রথমবারের মতো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ২০২৭ সালের ৩ জুন ঐতিহাসিক এই মাঠে টাইগারদের প্রতিপক্ষ হিসেবে থাকবে নেপাল। গত বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ম্যাচের বিষয়টি নিশ্চিত করেছে মেরিলেবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)।
বাংলাদেশ ও নেপালের দর্শকদের কথা মাথায় রেখে ম্যাচটির সময় নির্ধারণ করা হবে, যাতে দুই দেশের সমর্থকেরাই টিভিতে সরাসরি খেলাটি উপভোগ করতে পারেন। একই দিনে লর্ডসে মিডলসেক্সের একটি টি-টোয়েন্টি ব্লাস্ট ম্যাচও অনুষ্ঠিত হবে। লর্ডসের ইতিহাসে একই দিনে পুরুষদের আন্তর্জাতিক ও ঘরোয়া ম্যাচ নিয়ে এমন ডাবল হেডার আয়োজন এই প্রথম।
লর্ডসে এর আগে টেস্ট ও ওয়ানডে ম্যাচ খেললেও পুরুষ দলের এটিই হবে প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি। এর আগে মে মাসের শেষ দিকে ১৭ বছর পর এই মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। অন্যদিকে, আইসিসির পূর্ণ সদস্য কোনো দেশের বিপক্ষে লর্ডসের মাঠে নেপালের এটিই প্রথম ম্যাচ হতে যাচ্ছে।
ম্যাচটি নিয়ে নিজেদের সন্তোষ প্রকাশ করেছেন ক্রিকেট সংশ্লিষ্টরা। বিসিবি সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে খেলা এবং বিশেষ করে নেপালের বিপক্ষে এই ম্যাচটি দেশের ক্রিকেটের জন্য অত্যন্ত স্মরণীয় একটি অভিজ্ঞতা হবে। এমসিসির প্রধান নির্বাহী রবার্ট লসন এবং নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি চতুর বাহাদুর চাঁদও ঐতিহাসিক এই ম্যাচ আয়োজনের বিষয়ে নিজেদের আনন্দ প্রকাশ করেছেন।