আর্জেন্টাইন ফুটবলে নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে আলো ছড়াচ্ছেন তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার নিকো পাজ। মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে কোস্টারিকার বিপক্ষে আর্জেন্টিনার ৭-০ গোলের বড় জয় নিশ্চিত করতে জোড়া গোল করেছেন তিনি। খেলার ধরন ও মাঠে সৃজনশীলতার কারণে তাকে লিওনেল মেসির পরবর্তী উত্তরসূরি হিসেবে দেখছেন অনেকে।
২২ বছর বয়সী এই ফুটবলার ইতালিয়ান ক্লাব কোমোর হয়ে খেলার সুবাদে আন্তর্জাতিক ফুটবলে পরিচিত মুখ হয়ে উঠেছেন। গত অক্টোবরে বেনিনের বিপক্ষে ম্যাচে লিওনেল মেসির পাস থেকে গোল করেছিলেন তিনি। সেই ম্যাচের পর মেসির মা সেলিয়া মারিয়া কুচ্চিত্তিনি তাকে জড়িয়ে ধরে বলেছিলেন, তিনিই তার ছেলের উত্তরসূরি। এমন প্রশংসায় বিস্মিত হয়েছিলেন পাজ।
মাঠের পারফরম্যান্সে নিজের কার্যকারিতা নিয়মিত প্রমাণ করে চলেছেন এই তরুণ। কোস্টারিকার বিপক্ষে ম্যাচের অষ্টম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে প্রথম গোলটি করেন তিনি। এরপর ৩৮তম মিনিটে প্রতিপক্ষের তিন ডিফেন্ডারকে এড়িয়ে ডান পায়ের জোরালো শটে করেন নিজের দ্বিতীয় গোল। গত পাঁচ ম্যাচে জাতীয় দলের জার্সিতে এটি তার পঞ্চম গোল।
আর্জেন্টিনার জার্সিতে মাঠে নামাকে জীবনের সর্বোচ্চ সম্মান হিসেবে মনে করেন পাজ। ইউরোপীয় ফুটবলে অভিজ্ঞতা এবং জাতীয় দলের আক্রমণভাগে নিজের গুরুত্ব বাড়ানোর মাধ্যমে আলবিসেলেস্তেদের ভবিষ্যৎ পরিকল্পনায় অপরিহার্য হয়ে উঠছেন তিনি। দেশের বাইরে বেড়ে ওঠায় অতিরিক্ত প্রত্যাশার চাপের সঙ্গে পুরোপুরি অভ্যস্ত না হলেও মাঠের খেলায় তার উত্তরোত্তর উন্নতি দৃশ্যমান।