শাহাদাত হোসেন দীপুর সেঞ্চুরি সত্ত্বেও এশিয়া কাপ রাইজিং স্টারসের সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। পাকিস্তান ‘এ’ দল ২৮ বল এবং ৫ উইকেট হাতে রেখে জয় পেয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে, যেখানে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ‘এ’ দল।
প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ দলের শুরুটা ভালো হয়নি। দলীয় ১১৮ রানের মধ্যে পাঁচ ব্যাটার সাজঘরে ফিরে যান। এরপর ষষ্ঠ উইকেটে ৫২ রান যোগ করেন দীপু ও এসএম মেহরব। তবে নিয়মিত বিরতিতে উইকেট পতনের কারণে বাংলাদেশের স্কোর এক পর্যায়ে ১৯২ রানে আট উইকেটে দাঁড়ায়।
দলের ইনিংসের শেষ ওভারে সেঞ্চুরি পূরণের জন্য শাহাদাত হোসেন দীপুর পাঁচ রান দরকার ছিল। ইনিংসের পঞ্চম বলে মিডউইকেট দিয়ে ছক্কা হাঁকিয়ে ১১৮ বলে সাত চার ও তিন ছয়ে ১০৩ রানের অপরাজিত সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষে আট উইকেটে ২৩২ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের পক্ষে রিপন ১৯ রানে অপরাজিত থাকেন।
২৩৩ রানের লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই বিপদে পড়ে পাকিস্তান দল। চতুর্থ ওভারে রিপন মন্ডলের জোড়া উইকেটের সুবাদে ২১ রানে দুই ওপেনারকে হারায় তারা। তবে হাসান নওয়াজ ও শাহজাইব খানের ১১০ রানের জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। হাসান নওয়াজ ৬২ ও শাহজাইব খান ৫০ রান করেন।
পরবর্তীতে অধিনায়ক আব্দুল সামাদের ৪৪ ও ফারহান ইউসাফের অপরাজিত ৪৬ রানের সুবাদে পাকিস্তান জয় নিশ্চিত করে। ৪৫ ওভার তিন বলে পাঁচ উইকেটে ২৩৩ রান করে জয় তুলে নেয় পাকিস্তান ‘এ’ দল। বাংলাদেশের পক্ষে রাকিবুল ও রিপন দুটি করে উইকেট শিকার করেন। ম্যাচ শেষে এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশের দৌড়ের সমাপ্তি ঘটে।