দেশের ক্রিকেটকে ঢাকাকেন্দ্রিকতা থেকে মুক্ত করে তৃণমূল পর্যন্ত ছড়িয়ে দিতে একটি নতুন উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই পরিকল্পনার অংশ হিসেবে প্রাথমিকভাবে দেশের ছয় থেকে সাতটি শহরে ক্রিকেট একাডেমি চালু করা হচ্ছে। রবিবার (২২ নভেম্বর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি তামিম ইকবাল এই ঘোষণা দেন। আগামী কয়েক মাসের মধ্যেই এসব একাডেমির কার্যক্রম শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
নতুন এই একাডেমিগুলো স্থানীয় কোনো ক্রিকেট প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতায় নামবে না বলে স্পষ্ট করেছেন বিসিবি সভাপতি। বরং স্থানীয় একাডেমিগুলোর কার্যক্রমে পরিপূরক হিসেবে কাজ করবে এই উদ্যোগ। বিদ্যমান মাঠ, উইকেট, ইনডোর এবং জেলা-বিভাগীয় কোচদের কাজে লাগিয়ে প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের মাধ্যমেই এই একাডেমিগুলো পরিচালনা করা হবে। ফলে বড় ধরনের কোনো অতিরিক্ত বিনিয়োগের প্রয়োজন হবে না বলে মনে করছে বোর্ড।
একাডেমিগুলোতে প্রতিটি ব্যাচে বাছাই করা ৫০ থেকে ৬০ জন তরুণ ক্রিকেটারকে সম্পূর্ণ বিনা মূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। বিসিবি এই প্রশিক্ষণ এবং আনুষঙ্গিক সব খরচ বহন করবে। এছাড়া শিক্ষার্থীদের পড়াশোনায় যেন কোনো ব্যাঘাত না ঘটে, সে বিষয়টি মাথায় রেখে সপ্তাহের নির্দিষ্ট তিন দিন অর্থাৎ বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার একাডেমিগুলোর কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করা হয়েছে।
বর্তমান বয়সভিত্তিক ক্রিকেটের প্রস্তুতি প্রক্রিয়ায় পরিবর্তন আনতে চায় বোর্ড। বয়স যাচাইয়ের এক সপ্তাহের মধ্যে খেলা শুরুর প্রচলিত নিয়ম থেকে বেরিয়ে এসে, চার মাস আগে বয়স যাচাই ও পরবর্তীতে চার মাস দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এর ফলে খেলোয়াড়রা প্রতিযোগিতার জন্য আরও ভালোভাবে নিজেদের প্রস্তুত করতে পারবেন বলে জানান বিসিবি সভাপতি।
প্রাথমিকভাবে পর্যাপ্ত সুযোগ-সুবিধা রয়েছে এমন ছয়-সাতটি শহর নিয়ে এই যাত্রা শুরু হলেও, ভবিষ্যতে এর পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। প্রতি এক বা দুই বছর পর পর পর্যালোচনা করে নতুন একাডেমি যুক্ত করা হবে। দীর্ঘমেয়াদে দেশের চৌষট্টি জেলায় বিসিবির একাডেমি প্রতিষ্ঠার স্বপ্ন দেখছেন বোর্ড সভাপতি।