ছবি: সংগৃহীত

বৃষ্টিতে ফাইনাল পরিত্যক্ত হওয়ায় দৃষ্টিপ্রতিবন্ধী এশিয়া কাপে চ্যাম্পিয়ন পাকিস্তান

খারাপ আবহাওয়া ও বৃষ্টির কারণে মাঠের খেলা মাঠে গড়াতে না পারায় পয়েন্ট তালিকার ভিত্তিতে দ্বিতীয় টি-টোয়েন্টি এশিয়া কাপ দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। আজ শুক্রবার রাজধানী ঢাকার বসুন্ধরার আনভীর ক্রিকেট স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে পাকিস্তানের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে কোনো বল গড়ায়নি।

চার জাতির এই আঞ্চলিক ক্রিকেট টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও অংশ নেয় ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা। লিগ পর্বে তিন ম্যাচের সবকটিতে জয় পেয়ে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে ফাইনালে জায়গা করে নেয় পাকিস্তান। অপরদিকে, তিন ম্যাচে দুই জয় ও এক হারে চার পয়েন্ট নিয়ে রানার্সআপ হিসেবে ফাইনাল নিশ্চিত করেছিল ভারত। টুর্নামেন্টে বাংলাদেশ দুই পয়েন্ট নিয়ে তৃতীয় এবং কোনো পয়েন্ট না পেয়ে শ্রীলঙ্কা চতুর্থ স্থান অর্জন করে।

টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। চ্যাম্পিয়ন হওয়া পাকিস্তান দলকে অভিনন্দন জানানোর পাশাপাশি তিনি এই প্রতিযোগিতায় অংশ নেওয়া সব দলের খেলোয়াড়দের নিষ্ঠা, দৃঢ়তা ও খেলোয়াড়সুলভ মানসিকতার প্রশংসা করেন।

ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনের প্রেস শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এই শিরোপা জয় কেবল পাকিস্তান দলের জন্যই গর্বের নয়, বরং দক্ষিণ এশিয়ায় অন্তর্ভুক্তিমূলক ক্রীড়ার প্রসারের ক্ষেত্রেও এটি একটি বড় মাইলফলক। ফাইনালে পৌঁছানোর পথে ১৭ নভেম্বর ভারতের বিপক্ষে এক উইকেটের নাটকীয় জয় পেয়েছিল পাকিস্তান দল।

Comments are closed.

     More News Of This Category