ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা

বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। আগামী ১ ডিসেম্বর কুগোম্পো সিটিতে শুরু হবে ৫০ ওভারের সিরিজ। এরপর ৪ ডিসেম্বর গেবেখায় দ্বিতীয় ও ৭ ডিসেম্বর কেপটাউনে অনুষ্ঠিত হবে শেষ ম্যাচ। এছাড়া ১০ ডিসেম্বর কিম্বার্লিতে প্রথম টি-টোয়েন্টি, ১২ ডিসেম্বর বেনোনিতে দ্বিতীয় এবং ১৩ ডিসেম্বর সেঞ্চুরিয়নে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে।

নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা পায়ের পেশির চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকায় এবং কাজের চাপ সামলানোর অংশ হিসেবে বিশ্রাম দেওয়া হয়েছে একঝাঁক শীর্ষ তারকাকে। বাভুমার অনুপস্থিতিতে ওয়ানডে সিরিজে প্রোটিয়াদের নেতৃত্ব দেবেন বাঁহাতি স্পিনার কেশভ মহারাজ। অন্যদিকে, টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন বিয়ন ফরটুইন। ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই দল থেকেই বাদ পড়েছেন ডেভিড মিলার, কারণ তিনি নেপাল প্রিমিয়ার লিগে খেলছেন।

বেশ কয়েকজন নিয়মিত তারকাকে বিশ্রাম দেওয়ায় ওয়ানডে দলে টেস্ট স্কোয়াডের মাত্র তিনজন ক্রিকেটার জায়গা পেয়েছেন। তারা হলেন—আনরিখ নরকিয়া, করবিন বশ ও টনি ডি জর্জি। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের পর থেকে মাঠের বাইরে থাকা নরকিয়া দ্বিতীয় টেস্টের আগেই ফিট হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। এছাড়া ঘরোয়া টি-টোয়েন্টিতে দারুণ পারফরম্যান্সের সুবাদে দলে ফিরেছেন উইকেটকিপার-ব্যাটার সিনেথেম্বা কেশিলে।

দক্ষিণ আফ্রিকার দলের সবচেয়ে স্বস্তির খবর হলো পেসার লুঙ্গি এনগিডির প্রত্যাবর্তন। ঘরোয়া ক্রিকেটের প্রথম রাউন্ডে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার পর থেকে মাঠের বাইরে থাকা এই পেসার ওয়ানডে স্কোয়াডে ফিরেছেন। প্রধান কোচ শুকরি কনরাড এনগিডির ফেরায় সন্তোষ প্রকাশ করে বলেছেন, ‘এনগিডিকে ফিরে পেয়ে দারুণ লাগছে। টেস্ট দলের সাথে থেকে পুনর্বাসনের শেষ ধাপগুলো সম্পন্ন করেছে সে। আবার মাঠে ফেরার জন্য মুখিয়ে ছিল। গত মৌসুমে সাদা বলের ক্রিকেটে আমাদের হয়ে সে কতটা কার্যকর ছিল, তা আমরা দেখেছি। আশা করি, আগের জায়গা থেকেই সে আবার শুরু করতে পারবে।’

দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দলে আছেন কেশভ মহারাজ (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, করবিন বশ, জেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, বিয়ন ফরটুইন, জর্ডান হারম্যান, ডুয়ান জানসেন, নকোবানি মোকোয়েনা, লুয়ান-দ্রে প্রিটোরিয়াস, আনরিখ নরকিয়া, লুঙ্গি এনগিডি, সিনেথেম্বা কেশিলে ও ট্রিস্টান স্টাবস। এছাড়া টি-টোয়েন্টি দলে রয়েছেন বিয়ন ফরটুইন (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, জেরাল্ড কোয়েটজি, কনর এস্টারহুইজেন, ডনোভান ফেরেইরা, জর্ডান হারম্যান, ডুয়ান জানসেন, কোয়েনা মাফাকা, নকোবানি মোকোয়েনা, এনকাবা পিটার, লুয়ান-দ্রে প্রিটোরিয়াস, সিনেথেম্বা কেশিলে, ট্রিস্টান স্টাবস ও প্রেনেলান সুব্রায়েন।

Comments are closed.

     More News Of This Category