শিশু ক্যান্সার নিয়ে সচেতনতায় মিটফোর্ডে র‌্যালি ও আলোচনা সভা

সেপ্টেম্বর মাসজুড়ে ‘শিশু ক্যান্সার সচেতনতা মাস’ পালন করছে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগ। কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে হাসপাতাল প্রাঙ্গণে সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শিশুদের ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, রোগের প্রাথমিক লক্ষণ সম্পর্কে অভিভাবকদের জানানো এবং সময়মতো চিকিৎসা গ্রহণে উৎসাহিত করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।
সকালে র‌্যালির পর হাসপাতালের ২ নম্বর ভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় শিশু ক্যান্সারের বিভিন্ন সতর্কসংকেত, প্রাথমিকভাবে রোগ শনাক্তকরণ এবং দ্রুত চিকিৎসা গ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।
আলোচনায় বলা হয়, দীর্ঘদিন ধরে জ্বর থাকা, অস্বাভাবিক দুর্বলতা ও ক্লান্তি, শরীর বা ঘাড়ে গিঁট কিংবা ফোলা দেখা দেওয়া, কোনো কারণ ছাড়াই ওজন কমে যাওয়া, হাড় বা জয়েন্টে দীর্ঘস্থায়ী ব্যথা, ঘন ঘন রক্তপাত বা সহজে কালশিটে দাগ পড়া এবং চোখে সাদা প্রতিফলন দেখা দেওয়া বা দৃষ্টিজনিত সমস্যা—শিশুদের ক্ষেত্রে এসব লক্ষণকে অবহেলা করা উচিত নয়।
এসবের কোনোটি দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়। সংশ্লিষ্টরা বলেন, শিশুদের ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে চিকিৎসার সাফল্যের সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বাড়ে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ মনির-উজ-জামান।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন শিশু হেমাটোলজি ও অনকোলজি সোসাইটির চিফ প্যাট্রন ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডা. এম. এ. মান্নান এবং সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. আফিকুল ইসলাম। তাঁরা উভয়েই বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগের সঙ্গে যুক্ত।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মিটফোর্ড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ টি এম এ রুস্তম, উপাধ্যক্ষ ডা. মো. শাহীন রেজা এবং শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. সফিকুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিটফোর্ড হাসপাতালের শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. অলিয়া শারমিন।
সেপ্টেম্বর মাসজুড়ে চলা শিশু ক্যান্সার সচেতনতা মাসের এ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করছে জেনফার বাংলাদেশ লিমিটেড।
বিশ্বব্যাপী সেপ্টেম্বর মাসে শিশু ক্যান্সার সম্পর্কে সচেতনতা তৈরিতে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এরই ধারাবাহিকতায় দেশের অন্যতম প্রাচীন চিকিৎসা প্রতিষ্ঠান মিটফোর্ড হাসপাতালেও এবার শিশু ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

Comments are closed.

     এ বিভাগের আরো সংবাদ