ক্রিড়া ডেস্ক:
আনুষ্ঠানিক ভাবে আগামী বুধবার (১১ ডিসেম্বর) মাঠে গড়াচ্ছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বঙ্গবন্ধু বিপিএল) খেলা। তার আগে মঙ্গলবার (১০ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে টুর্নামেন্টের টিকিট বিক্রি।
পূর্ব গ্যালারির টিকিটের দাম সবচেয়ে কম। ২০০ টাকায় মিলবে এ টিকিট। উত্তর ও দক্ষিণ গ্যালারির টিকিটের দাম একটু বেশি। সেখানে বসে খেলা উপভোগ করতে হলে খরচ করতে হবে ৩০০ টাকা।
ক্রিকেট অনুরাগীরা ৫০০ টাকা খরচ করলেই পাবে ভিআইপি স্ট্যান্ড ও ক্লাব হাউজের টিকিট।
আর গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম সব চেয়ে বেশি। খরচ পড়বে ২০০০ হাজার টাকা।
ঢাকায় হতে যাওয়া আসরের প্রথম পর্বের জন্য নির্ধারণ করা হয়েছে এই দাম। পরের পর্বের টিকিটের দাম এখনো ঠিক হয়নি।
সকাল ৯টা থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের এক নম্বর গেইট ও মিরপুর সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথে পাওয়া যাবে টিকিট।
এবার অনলাইনেও মিলবে বিপিএলের এ বিশেষ আসরের টিকিট। www.shohoz.com, www.paypoint.com.bd ও www.gadgetbangla.com এই তিনটি ওয়েবসাইটে পাওয়া যাবে টিকিট।
টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ১১ ডিসেম্বর এ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স লড়বে সিলেট থান্ডারের বিপক্ষে। দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্স মোকাবেলা করবে রংপুর রেঞ্জার্সকে।